গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহাসড়কের গোদাগাড়ী উপজেলা সদরে আধুনিক যাত্রী ছাউনি পুনর্নির্মাণ, বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) গোদাগাড়ীবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি নিয়ে স্মারকলিপি পেশ করে স্থানীয় স্বেচ্ছাসেবী জোট ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ এবং এর অন্তর্ভুক্ত সকল সহযোগী সংগঠনসমূহ।
উপজেলা সদর ও ডাইংপাড়া মোড় এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও পর্যাপ্ত যাত্রীসেবার অভাবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই ভোগান্তি লাঘবে সামাজিক সংগঠনগুলোর পক্ষে ৫ দফা দাবি তুলে ধরা হয়।
মূল দাবিসমূহ:
আধুনিক যাত্রী ছাউনি: পূর্বে ভেঙে ফেলা যাত্রী ছাউনিটির স্থানে নতুন, টেকসই ও দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি দ্রুত পুনর্নির্মাণ করা।
বাস বে (Bus Bay) নির্মাণ: মহাসড়কে যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে জাতীয় মহাসড়কের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস বে তৈরি করা।
আধুনিক গণশৌচাগার: ডাইংপাড়া মোড়সহ সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের উপযোগী পরিবেশবান্ধব গণশৌচাগার স্থাপন।
স্থায়ী পুলিশ বক্স: আইনশৃঙ্খলা রক্ষা ও যাত্রী নিরাপত্তা জোরদারে স্থায়ী পুলিশ বক্স স্থাপন করা।
যাত্রীসেবা অবকাঠামো উন্নয়ন: পর্যাপ্ত এলইডি আলো, বসার আসন, নিরাপদ পথচারী পারাপার ব্যবস্থা (জেব্রা ক্রসিং) এবং পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন স্থাপন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান:
“গোদাগাড়ীর লক্ষাধিক মানুষের প্রতিদিনের ভোগান্তি দূর করা এবং নিরাপদ সড়ক যোগাযোগের স্বার্থে এসব দাবি অত্যন্ত যৌক্তিক। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমাদের এই সামাজিক আন্দোলন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডাইংপাড়া মোড়সহ উপজেলা সদরের মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ দেখতে চান স্থানীয় সচেতন মহল।
