স্টাফ রিপোর্টার রাজশাহী :
বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধিতে অনন্য ও নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ কবি মিঠুন কুমার ঘোষ ‘সাহিত্য সম্মাননা-২০২৬’ লাভ করেছেন।
শনিবার (০৩ অক্টোবর) রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী সাংবাদিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর আলী।
সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পচামাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২০২৭ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিতব্য বেশ কয়েকটি সংকলনে কবি মিঠুন কুমার ঘোষের কবিতা অন্তর্ভুক্ত হচ্ছে। দ্বিপ্রান্তিক প্রকাশনী থেকে ১০০ জন কবির কবিতা নিয়ে প্রকাশিতব্য ‘কাব্যের ভাবনা’ গ্রন্থে তাঁর কবিতা স্থান পাচ্ছে।
এছাড়া দ্বিপ্রান্তিক প্রকাশনী ও নব সাহিত্য প্রকাশনীর যৌথ উদ্যোগে প্রকাশিতব্য ১২ জন কবির সংকলন ‘যে কথা বলা হয়নি’ এবং নব সাহিত্য প্রকাশনীর ‘কবির কণ্ঠে বাংলাদেশ’ গ্রন্থেও তাঁর কবিতা স্থান পাচ্ছে। প্রকাশিতব্য বইগুলো রকমারি ডটকমে পাওয়া যাবে বলে জানান কবি।
কবি মিঠুন কুমার ঘোষ জানান, পশ্চিমবঙ্গের অনলাইন সাহিত্য পত্রিকা ‘কাব্যকুঞ্জ’, বাংলাদেশের অনলাইন সাহিত্য পত্রিকা ‘তুলোট’ এবং আন্তর্জাতিক অনলাইন সাহিত্য পত্রিকা ‘দ্য প্যারিস মেইল’-এ নিয়মিত তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। পাশাপাশি স্থানীয় ‘দৈনিক আমাদের রাজশাহী’ পত্রিকাতেও তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা কবি মিঠুন কুমার ঘোষের সাহিত্যচর্চার উচ্চসীমা ও নিরলস প্রজ্ঞার প্রশংসা করেন এবং বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে তাঁর লেখালেখির ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
