নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের সাথে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৬ জুন (শনিবার) বেলা ১২ টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদার করার বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন: ”রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এক বিশাল সম্পদ। ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ নিবারণ এবং অপরাধ ডিটেকশনে আপনাদের এই অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ কমিশনারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পাশাপাশি, কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করার জন্য তারা বিশেষভাবে অনুরোধ জানান, যাতে মাঠপর্যায়ে তাদের অভিজ্ঞতাকে সরাসরি কাজে লাগানো যায়।
উক্ত মতবিনিময় সভায় রাজশাহীস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ফোর্স)
বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)
আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর)।
সভা শেষে পারস্পরিক ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে রাজশাহী মহানগরীর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

