নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৪টা ০০ মিনিটে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মাসুদুল হক।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারের প্রতিনিধি, ডিসি প্রসিকিউশন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র, র্যাব, বিজিবি, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং মহানগর পুলিশের বিভিন্ন থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহর উপস্থাপনায় আয়োজিত এই কনফারেন্সে বক্তারা রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও জোরদার পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মাসুদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান করতে অপরাধের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আমলি ম্যাজিস্ট্রেট আইনানুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করবেন। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে সরাসরি উপস্থিত থেকে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়াও তিনি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
