শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা গ্রামে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) বিকেলে দুর্বৃত্তরা বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। বিষয়টি টের না পেয়ে পরিবারের সদস্যরা ওই পানি পান করেন। পরে মো. মজিবুর রহমান লালন (২৫), তার পিতা জেল হক আলী (৬৫), মাতা জরিনা বেগম (৪৫), স্ত্রী অনামিকা খাতুন (২০) এবং ভাতিজা হুসাইন (৭) অস্বাভাবিক অসুস্থতা ও মাতালসদৃশ আচরণ অনুভব করেন। রাতে তারা গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
পরিবারের অভিযোগ, চোরেরা ঘরে থাকা প্রায় ৬ লাখ টাকা নগদ অর্থ এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। চুরির সময় বাড়ির অন্যান্য কক্ষের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়, যাতে কেউ বের হয়ে বাধা দিতে না পারে।
ভুক্তভোগী মো. মজিবুর রহমান লালন জানান, মাছের ব্যবসার জন্য রাখা প্রায় ৭৫ হাজার টাকাসহ ঘরে থাকা ৫ লাখ টাকার বেশি নগদ অর্থ চুরি হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, বালিশের নিচে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ঘরের কিছু মূল্যবান সামগ্রী চোরেরা স্পর্শও করেনি।
ঘটনার পর অসুস্থ পরিবারের সদস্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয়দের ধারণা, এ ঘটনায় স্থানীয় ও বহিরাগত চোরচক্রের সদস্যরা জড়িত থাকতে পারে। এ বিষয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে এমন ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
