আভা ডেস্কঃ এক হাজার টাকার লাল নোট বাতিল হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে কথা ছড়িয়েছে, তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম একটি ‘বিশেষ নোটিশ’ অনেকে শেয়ার করে। এরপর ‘এক হাজার টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’- এমন তথ্য প্রচার করে বেসরকারি কয়েকটি টেলিভিশন।
তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রান্তিকর খবর দেয়া হয়েছে। বিষয়টি ভুয়া, বানোয়াট। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনাও দেয়া হয়নি।’
পরে কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০-০৫-২০২২ তারিখের পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্লাটফর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।
‘এক্ষণে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। জনসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার অনুরোধ করা যাচ্ছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নোটিশটি ছড়ানো হচ্ছে, তাতে লেখা ছিল, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট লেনেদেনের সর্বশেষ সময়সীমা ৩০ মে ২০২২ পর্যন্ত। এরপর আর কোনো ১০০০ টাকার নোট ব্যাংকে জমা নেয়া হবে না। সুতরাং এই তারিখের দুপুর ১২ টার মধ্যে ১০০০ টাকার নোট ব্যাংকে জমা দেয়া নির্দেশ প্রদান করা হলো।
‘পরবর্তী দিন হতে ১০০০ টাকার নোট অচল বলে গণ্য হবে।’
একটি সাদা কাগজে এই নোটিশের নিচে একাব্বর আলী নামে একজনের সই আছে। সিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের জামালপুরের একটি শাখার নাম দেয়া আছে। তবে কোন শাখা, সেটি স্পষ্ট নয়।
জামালপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক শরীফুল ইসলাম জানান, তাদের শাখা থেকে এমন কোনো নোটিশ দেয়া হয়নি।
একাব্বর নামে কোনো কর্মকর্তা আছেন কি না, জানতে চাইলে তিনি জানান, জেলার মেলান্দহ উপজেলার ভাবকী শাখার একজন ব্যবস্থাপক আছেন এই নামে।
একটি পত্রিকার সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে একাব্বরের। তিনি বলেন, ‘আমরাও এই বিষয়টি জেনেছি যে এমন নোটিশ প্রচার হচ্ছে। আমরা এর একটি প্রতিবাদও দিয়েছে।
সেই প্রতিবাদলিপিতে বলা হয়, ‘আমি মোহাম্মদ একাব্বর আলী, ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ভাবকী বাজার শাখা এই মর্মে হলফ করে বলছি যে, ১০০০ টাকার লাল নোট ৩০/৫/২০২২ ইং তারিখ হতে অচল বলে যে দৃষ্টি আকর্ষণ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রচারিত হচ্ছে, তা অত্র শাখা হতে প্রচার করা হয়নি।’
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জী এম আবুল কালাম আজাদ বলেন, ‘এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে; যার ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে।’
বাংলাদেশে এক হাজার টাকার দুটি নোট প্রচলিত আছে। এর মধ্যে একটি লালচে এবং অন্য নোটটি কিছুটা বেগুনি রঙয়ের।
বুধ মে ১১ , ২০২২
আভা ডেস্কঃ বিশ্বের প্রায় প্রতিটি ক্রিকেট বোর্ড বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে আসছে। ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেলায়। সবশেষ ২০০৭ সালে বিসিবি বর্ষসেরা ক্রিকেটারদের স্বীকৃতি দিতে আয়োজন করে বিসিবি অ্যাওয়ার্ডস নাইট। এরপর বন্ধ হয়ে গেছে এর কার্যক্রম। সেবার সেরা ক্রিকেটার নির্বাচিত হন শাহরিয়ার নাফিস। সেরা বোলার ও অলরাউন্ডার হন মোহাম্মদ রফিক। […]
এই রকম আরও খবর
-
৫ আগস্ট, ২০২১, ৪:৩৪ অপরাহ্ন
-
৮ জুন, ২০২১, ১:৩৯ অপরাহ্ন
-
১৩ ডিসেম্বর, ২০২০, ৬:২৯ অপরাহ্ন
-
২৫ নভেম্বর, ২০২১, ৮:১০ অপরাহ্ন
-
২৫ জুন, ২০২১, ৭:১০ অপরাহ্ন
-
৯ নভেম্বর, ২০২০, ৫:০৬ অপরাহ্ন