নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার দামকুড়ায় মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হাতে আটক এক এসআইসহ থানার দালাল। পরে তাদের পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নগরীর দামকুড়া থানার ওসি ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তার ওপরেও চড়াও হন। এ নিয়ে পুলিশ জনতার মাঝে উত্তেজনা দেখা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দামকুড়া থানা ঘেরাও করে রেখেছিলেন প্রায় হাজার খানেক জনতা।
স্থানীয়রা জানান, দামকুড়া থানার এক এসআই ও থানার দালাল স্থানীয় সাব্বির জনতা ব্যাংকের ভবনের সিঁড়িতে গিয়ে গাঁজা কাটছিলেন। এসময় ওই ভবনের মালিক নজরুল ইসলামের ছেলে তারেক রহমান দেখে ফেলে তার প্রতিবাদ জানান।
এতে ক্ষিপ্ত হয়ে এসআই এবং থানার দালাল তারেকের পকেটে জোর করে গাঁজা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় তারেক ওই এসআইকে ধরে পেটাতে থাকেন। একপর্যায়ে খবর পেয়ে নজরুল ইসলামের বাড়ির নিচের মার্কেটের ব্যবসায়ীরা কেঁচি গেইট বন্ধ করে থানার দালাল সাব্বির এবং এসআই আটকে রাখেন।
খবর পেয়ে থানার ওসি আব্দুল লতিব ঘটনাস্থলে গেলে তিনিও জনতার রোষানলে পড়েন। পরে জনতা পিটিয়ে এসআই এবং থানার দালাল সাব্বিরকে পুলিশের হাতে তুলে দেন। এরপর ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জনতা রাত পৌনে ১১টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখেন।
তবে দামকুড়া থানার ওসি আব্দুল লতিবকে ফোন দেওয়া হলে তিনি ফোন কেটে দেন।
