নিজস্ব প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর প্রচার মিছিলের সময় সংঘর্ষে চারজন আহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ১০টার সময় নগরীর শিরোইল কলোনীর বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
জানা গেছে, ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টিটোর সমর্থকরা মিছিল নিয়ে বৌ বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী তৌহিদুল হক সুমনের একটি প্রচার মিছিল আসে। এ সময় ঘুড়ি প্রতীকের সমর্থকদের ঠেলাগাড়ির পোস্টার ছেঁড়ার অভিযোগে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ঠেলাগাড়ির সমর্থকরা ঘুড়ি প্রতীকের সমর্থকদের মারছে ভেবে তারাও এগিয়ে আসলে সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌড়িয়ে পালানোর সময় ৪ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিযোগ, নুরুজ্জামান টিটো ধানের শীষের প্রচারণা করে পোস্টার ছেঁড়া শুরু করে। পরে মেয়রপ্রার্থী লিটন ও কাউন্সিলর প্রার্থী সুমনের পোস্টার ছেঁড়ে। পরে তারাই ইট পাটকেল মারা শুরু করে।
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী তৌহিদুল হক সুমন।
এ বিষয়ে জানতে ঘুড়ি প্রতীকের প্রার্থী নুরুজ্জামান টিটোকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
