নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারা উপজেলার আদর্শ টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। অধ্যক্ষের এমন বক্তব্যে এলাকায় তীব্র তোলপাড় ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে লিখিত অভিযোগ দায়েরের আগেই প্রশাসন ওই অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
জানা গেছে, গত ২৭ জুলাই বাগমারা আদর্শ টেকনিক্যাল বিএম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কলেজটির অধ্যক্ষ জিয়াউর আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘মাস্তান’ বলে সম্বোধন করেন। পরবর্তীতে অধ্যক্ষের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও অস্থিরতার সৃষ্টি হয়।
একজন দায়িত্বশীল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও নৈতিকতা-শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের প্রতিকার চেয়ে আজ ৫ জুলাই বাগমারা উপজেলা শাখা তাঁতীদলের আহ্বায়ক মো. মামুনুর রশিদ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বিষয়টি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, লিখিত অভিযোগ দায়েরের পূর্বেই প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আমলে নেওয়া হয়েছে। অভিযুক্ত অধ্যক্ষ জিয়াউর রহমানকে ইতোমধ্যে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। পাশাপাশি চলমান এইচএসসি পরীক্ষার পরীক্ষকের দায়িত্ব থেকেও তাকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ জিয়াউল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আমি আমার সকল শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর মতো যোগ্যতাসম্পন্ন হতে বলেছিলাম। হয়তো শব্দ চয়নে আমার ভুল ছিল, যা আমি পরে বুঝতে পেরেছি। মূলত প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন বা অবমাননা করা আমার উদ্দেশ্য ছিল না।”
এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত চূড়ান্ত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
