নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা ‘ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি’ বলে স্লোগান দেন।
মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রাজশাহী শাখার সভাপতি মোঃ রফিকুল আলম মৃদুল বলেন, বিক্রয় প্রতিনিধিরা যেকোনো কোম্পানির ব্যবসা ও বিপণনের মূল মেরুদণ্ড হিসেবে কাজ করেন। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন কাঠামো এবং ন্যূনতম কর্মপরিবেশের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে তাঁদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রাজশাহী শাখার সাধারন সম্পাদক মোঃ মিলন খান,সিনিয়র সহঃসভাপতি সুমন শেখ,সহঃসভাপতি জুবেল চৌধুরী,কোষাধ্যক্ষ আব্দুল হামিদ’সহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দেশব্যাপী বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
