আভা ডেস্ক : প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে দশ বছর পর আবারও নির্মিত হচ্ছে নতুন ছবি। নাম ‘জ্যাম’। ছবিটি পরিচালনা করছেন নঈম ইতমিয়াজ নেয়ামুল। নির্মিত হচ্ছে মান্নার স্ত্রী শেলী মান্নার তত্ত্বাবধানে। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ছবির প্রযোজক, পরিচালকের পাশাপাশি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা, ঢাকার তারকাশিল্পী ফেরদৌস ও পূর্ণিমাসহ চলচ্চিত্রের গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন। এ ছবির মহরতে অংশ নেয়ার জন্যই ২২ জুলাই ঢাকা এসেছেন ঋতুপর্ণা। ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে (আইনজীবী) অভিনয় করবেন। অন্যদিকে ছবির মূল নায়িকা পূর্ণিমা বলে জানিয়েছেন পরিচালক। পাশাপাশি একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এসব বিষয় যুগান্তরকে নিশ্চিত করেছেন পরিচালক নেয়ামুল। পাশাপাশি ছবিতে মূল নায়ক চরিত্রে আরিফিন শুভকে রাখতে চান বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে শুভর সঙ্গে আলাপও হয়েছে। তবে এখনও চূড়ান্ত নয়।
এদিকে মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঋতুপর্ণা বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। তার সঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই এ সম্পর্ক তৈরি হয়েছিল। মান্না ভাই নেই। কিন্তু শেলী ভাবির সঙ্গে আমার যোগাযোগ ঠিকই রয়ে গেছে। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র জ্যামে কাজ করার ব্যাপারে ভাবির সঙ্গে কথা হয়েছে। এখানে এসে মান্না ভাইকে খুব বেশি মনে পড়ছে। তার হাউসের ছবিতে অভিনয় করব, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের। আশা করি ভালো কিছুই হবে।’ পূর্ণিমা বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছিলাম। খুবই ভালো মনের মানুষ ছিলেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালকই আমাকে প্রস্তাব দেন। আশা করছি মান্না ভাইয়ের নামের প্রতি সুবিচার করবেন পরিচালক।’ ফেরদৌস বলেন, ‘ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি। ভালো কিছু হচ্ছে এটাই বলব। বাকিটা দর্শক পর্দায় দেখতে পাবেন।
যুগান্তর
